নাইমুল ইসলান, গৌরনদী প্রতিনিধিঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সোমবার (১১ মে) বিকেল ৩টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এসময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যা ও অভিজ্ঞতার বিষয়ে খোঁজখবর নেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এসময় হাসপাতালে রেবিস ভ্যাকসিন না থাকার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং দ্রুত রেবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করেন। তাঁর এই পদক্ষেপে রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে বর্তমান ৫০ শয্যা থেকে উন্নীত করে আগামী বছরের মধ্যে ১০০ শয্যায় রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, গৌরনদীতে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি গয়নাঘাটায় অবস্থিত মা ও শিশু কেন্দ্রটি পুনরায় সচল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন খাইরুল আলম সুমন, মনজুর ই এলাহী, শওকত আলী, মোঃ ইব্রাহিম, মোঃ ফখরুল ইসলাম মৃধা, তারিক হাসান রাসেল এবং গৌরনদী প্রেসক্লাব-এর সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্যমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা এ সফরকে গৌরনদীর স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
