উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ::শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে বরিশালের উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. নাজমুল হক।
সভায় ইউএনও মো. আলী সুজা বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই তাদের সম্মান-মর্যাদা বৃদ্ধির পাশাপাশি পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এবারের দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং ভবিষ্যৎ গড়া’ সামনে রেখে সভায় শিক্ষকদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোবারক হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
