ঢাকা সোমবার , ৫ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের সদর উপজেলায় ষাঁড় গরুর উপর শকুনি থাবা! ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগ, বিচার দাবি এলাকাবাসীর

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ৫, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় একটি ষাঁড় গরুকে ধারালো অস্ত্র (চল) দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সজীব (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনুস মিরা দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। অভিযুক্ত সজীব স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের শাহ জামালের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সজীব একটি ষাঁড় গরুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে অস্ত্রটি গরুটির শরীরে গেঁথে যায়। গুরুতর আহত হয়ে গরুটি ছুটোছুটি শুরু করলে একপর্যায়ে রাস্তার পাশে রাখা এক পথচারীর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয়রা জানান।

পরে স্থানীয়রা এগিয়ে এসে গরুটির শরীর থেকে অস্ত্রটি সরিয়ে দেন। তবে আহত গরুটিকে নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কোনো প্রাণীর ওপর এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা আরও দাবি করেন, সজীব মাদকের সঙ্গে সম্পৃক্ত। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে সজীবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে নিজে দেখেননি। অভিযোগটি সত্য হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আহত প্রাণীটির চিকিৎসার পাশাপাশি দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।