নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ নাজমুল @ বাবু দাইয়ের। র্যাব-৮ ও র্যাব-১-এর যৌথ অভিযানে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ২০২৬ তারিখ দুপুরে র্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-১ সদর কোম্পানি, উত্তরা ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা জেলার রূপসা থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি **মোঃ নাজমুল @ বাবু দাই (৪০)**কে গ্রেফতার করা হয়। তিনি রূপসা থানার শোলপুর এলাকার মৃত আফছার দাইয়ের ছেলে।
র্যাব আরও জানায়, নাজমুলের বিরুদ্ধে ২০১৭ সালে খুলনার রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। মামলাটির নম্বর ১৮(০৬)২০১৭, জিআর নং-১৬৯/১৭ এবং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ১০।
মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত নাজমুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
র্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র্যাব-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নাজমুলের অবস্থান শনাক্ত করে র্যাব-১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
