গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারে ৪ -৩ গোলে কিরু স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আল-আমিন একাদশ।
ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৪-৩ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে আল-আমিন একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল-আমিন একাদশের অধিনায়ক আলামিন হাওলাদারের হাতে চ্যাম্পিয়ন দলের পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা তুলে দেন টুর্নামেন্টের প্রধান অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। রানার্সআপ কিরু স্মৃতি সংঘের অধিনায়ক হাসানাত ভূঁইয়ার হাতে ২০ হাজার টাকা পুরস্কার তুলে দেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।
টুর্নামেন্টে আল-আমিন একাদশের নাবিল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এছাড়া গৈলা একাদশের তাওহীদ সেরা গোলদাতার পুরস্কার পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) থাকা রফিকুল ইসলাম কাজল, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার এবং গৌরনদী উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সচিব মো. মিলাদ হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান খান মুকুল বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার, সৈয়দ শহিদুল ইসলাম সাদী।
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ. এম. তারিকুল ইসলাম কাফির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি আয়োজন করে ধানডোবা যুব সমাজ। পৃষ্ঠপোষকতায় ছিলেন কাজী হুমায়ুন কবির, মো. মোক্তার শিকদার, মো. মিজানুর রহমান, মো. সালাম হাওলাদার, কাজী মাহাবুব আলম রুবেল ও মো. নুর আলম হাওলাদার।
