ঢাকা সোমবার , ৩১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ভেজালবিরোধী অভিযানে জরিমানা

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃনিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিতকরণ এবং মাদক প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাদকাসক্ত একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য ও নিরাপদ ওষুধ নিশ্চিতে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয়কেন্দ্র এবং ফার্মেসি পরিদর্শন করা হয়।
অভিযানকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের খাবার পরিদর্শন করে সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য পরিবেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।
এ সময় একটি রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রং ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি খাদ্য উৎপাদনকারী কারখানায় খাবার উৎপাদনস্থলে পাখির মল পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে দুটি ফার্মেসিতে রেফ্রিজারেটরে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা, ওষুধের গুণগত মান নিশ্চিত না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইদিন মাদক প্রতিরোধে টরকী চাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকাসক্ত একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা, জেলা নিরাপদ খাদ্য অফিসার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ইনস্পেক্টর ও স্যানিটারি ইন্সপেক্টর।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিতকরণ এবং মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।