নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি (KDC) এলাকায় একাধিক মাদক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী পারু বেগমের বেপরোয়া মাদক ব্যবসায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তার এই মাদক সাম্রাজ্যের কারণে ধ্বংসের মুখে পড়ছে এলাকার যুবসমাজ ও উদীয়মান তরুণরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কেডিসি ও এর আশপাশের এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন পারু এবং তার ছেলে রুবেল। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও থামছে না তার এই অপতৎপরতা। রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় অসাধু চক্রের ছত্রছায়ায় তিনি প্রতিনিয়ত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি ও সরবরাহ করছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, পারুর মাদক আস্তানায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কিশোর ও যুবকরা ভিড় জমায়। মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় দিন দিন চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম ব্যাপকভাবে মাদকে আসক্ত হয়ে পড়ায় চরম উদ্বিগ্ন ও দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকেরা।
প্রতিবাদ করলে উল্টো ভয়ভীতি দেখানো ও হয়রানির শিকার হতে হয় বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান। তারা বলেন, পারুর মাদক ব্যবসার কারণে পুরো এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী অভিভাবকেরা দ্রুত কেডিসি এলাকার এই চিহ্নিত মাদক সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে এবং একাধিক মামলার আসামি পারুসহ জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
