গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও চারজন।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বার্থী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, বার্থী বাজার এলাকায় ঢাকাগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৬) একটি বাসের সঙ্গে বরিশালগামী মেসার্স তামিম ফুয়েল সাপ্লাইয়ের তেলবাহী লরি/ট্রাকের (ফরিদপুর-ঢ-৪১০০০৪) মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় আহত পাঁচজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন লরিচালক ফরিদপুরের আব্দুর রহিম শেখ, গৌরনদীর বেজগাতী এলাকার পারভীন (৩০), পটুয়াখালীর আব্দুর রহিম (৪৫), পিঙ্গলাকাঠী এলাকার মাসুমা (৩০) ও শিশু তুহিন (৯)। আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় লরিচালক আব্দুর রহিম শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। আব্দুর রহিম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয়রা।
পরে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সদস্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলমান রয়েছে ।
