ঢাকা রবিবার , ৩০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সাউন্ড-লাইট-ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের ব্যতিক্রমী মিলনমেলা

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃবর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে ‘গৌরনদী সাউন্ড, লাইট, ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়িক মিলনমেলা-২০২৬’।
শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের দৃষ্টিনন্দন ফারিহা গার্ডেনে এ ব্যতিক্রমী ও আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়।
মশিউর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
দিনব্যাপী আয়োজনে ছিল অতিথি ও অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ কনসার্ট। এতে গৌরনদীর বিভিন্ন এলাকার সাউন্ড, লাইট, ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ী, তাদের পরিবারের সদস্য এবং শ্রমিকরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গৌরনদীর সাউন্ড, লাইট, ডেকোরেটর ও ইভেন্ট খাতকে আরও সমৃদ্ধ করতে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি ব্যবসার পরিধিও আরও বাড়ানো সম্ভব।
আয়োজকরা জানান, এ খাতের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায়ী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।