নাজমুল হক মুন্না উজিরপুর : মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন এর বাবরখান স্কুল মাঠ ৪নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রীতি ম্যাচে সাদা দল ও নীল দল অংশগ্রহণ করে। দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ড্র হয় ২-২ গোলের মাধ্যমে। দর্শকরা উপভোগ্য একটি ম্যাচের সাক্ষী হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার (সেতু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম এর পক্ষে প্রতিনিধি, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার ও মোঃ মন্টু সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন তালুকদার।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া উচিত।
খেলা শেষে সাদা দলের পলাশ কুন্ড এবং নীল দলের সরোয়ার-এর হাতে অতিথিরা ট্রফি তুলে দেন। এ সময় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
