ঢাকা মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্স ভাঙচুর–আগুন, ৭০ কারখানায় ছুটি

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে আজ মঙ্গলবার গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটা থেকে গাজীপুর নগরের নাওজোড়, কোনাবাড়ী, জরুন, মৌচাক, তেলিরচালা এবং গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। বিক্ষোভের কারণে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।
আজ সকালে কোনাবাড়ী এলাকার ‘ইসলাম গার্মেন্টসে’ একজন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইসলাম গার্মেন্টস ও আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। একপর্যায়ে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে সকাল থেকে মৌচাক ও তেলিরচালা এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।দুপুর পৌনে ১২টার দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের এক পর্যায়ে গাজীপুরা এলাকায় মহাসড়কের মধ্যে থাকা পুলিশ বক্স ভাঙচুর করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ বক্সের মালামাল ও আশপাশ থেকে লাকড়ি এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন প্রথম আলোকে বলেন, সকাল থেকে শ্রীপুর ও গাজীপুর নগরের কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। শ্রমিক বিক্ষোভের কারণে অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শ্রমিকেরা পুলিশ বক্স থেকে চেয়ার–টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।