ঢাকা সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক\\পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে তাদের প্রস্তাব কত টাকার তা প্রকাশ করেনি মজুরি বোর্ড। মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার সিদ্ধান্ত হয়।
আজ সোমবার শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেয় মালিকপক্ষ। সভায় সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এর আগের সভায় শ্রমিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়।
আজ বিকেল পৌণে পাঁচটায় সাংবাদিকদের ব্রিফিং করেন মজুরি বোর্ডের সদস্যরা। সেখানে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারেন। তিনি আরও জানান, আজকের সভা চলবে। এমনকি প্রয়োজনে আগামীকালও সভাটি চলতে পারে।এ দিকে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়।
আজ বেলা পৌণে ১২টায় মজুরি বোর্ডের সভা শুরু হয়। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানি সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।মজুরি প্রস্তাব তুলে ধরার সময় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার যুক্তি দিয়ে বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষে গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করে তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেন মালিকপক্ষ। শেষ পর্যন্ত দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি নির্ধারণ করা হয়।সর্বশেষ ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেন। তার বিপরীতে প্রায় অর্ধেক; অর্থাৎ ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব দেয় মালিকপক্ষ। মালিকদের এই কম প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে পরদিনই আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। তিন সপ্তাহের আন্দোলনে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চারজন শ্রমিক মারা যান। পরে আন্দোলনের মুখে মালিকপক্ষ ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। পরে সেটিই চূড়ান্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।