ঢাকা সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক\\\\ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এক নেতাকে ছাড়াতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের সঙ্গে পুলিশ এবং বিএনপির নেতা–কর্মীদের ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এনসিপির কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন বলে দলটির নেতারা দাবি করেছেন। গতকাল রোববার রাতে আখাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার ওই নেতার নাম ছায়েব আলী (৬০)। তিনি আখাউড়ার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামের বাসিন্দা এবং এনসিপির মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপজেলার যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন মোগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী। গতকাল রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, ছায়েব আলী একসময় জাতীয় পার্টির রাজনীতি করতেন। ২০১৮ সালে তিনি আওয়ামী লীগে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যোগ দেন। পরে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। জুলাই গণ–অভ্যুত্থানের সময় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ৫ আগস্টের পর তিনি এনসিপিতে যোগ দেন।পুলিশ ও স্থানীয় লোকজন, এনসিপির নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে ছায়েব আলীকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়াতে থানায় যান এনসিপির নেতা–কর্মীরা। তাঁরা থানার ফটকে অবস্থান নিয়ে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আখাউড়া উপজেলা এনসিপির আহ্বায়ক জমসেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের বিষয়টি জানতে গতকাল রাতে এনসিপির ৩০ থেকে ৪০ জন নেতা–কর্মী থানার ফটকের সামনে জড়ো হন। তখন পুলিশ এনসিপির উপজেলার সদস্যসচিব সাজু মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. রুবায়েতকে ভেতরে ঢুকতে দেয়। একই সময় ছায়েব আলীকে ছাড়িয়ে নিতে তাঁর আত্মীয়স্বজন ও সমর্থকেরাও সেখানে যান। তখন এনসিপির একজন স্লোগান দিলে বিএনপির নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলা করেন। এতে এনপিপির ৮ থেকে ১০ জন আহত হন এবং ভেতরে রুবায়েত ও সাজুকেও পুলিশ মারধর করেন। তাঁর ভাষ্য, ‘ছায়েদ আলী একসময় জাতীয় পার্টি করতেন। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) করলে তো তাঁকে আমরা এনসিপিতে নিতাম না।’
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ছায়েদ আলী সারা জীবন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে তাঁর ছবিও আছে। বিস্ফোরক মামলায় গতকাল তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁকে ছাড়িয়ে নিতে এনসিপির নেতা–কর্মীরা থানা আক্রমণ করলে পুলিশের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। থানা ভেঙে ফেলবে শুনে হয়তো বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে যান। তবে তাঁরা কোনো হামলা করেননি।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মো. আতাউল্লাহর ভাষ্য, ছায়েব আলী কোনো দিন আওয়ামী লীগ করেননি। তিনি মোগড়া ইউপি নির্বাচনে এনসিপির প্রার্থী। এ কারণে পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে থানায় গেলে বিএনপির লোকজন হামলা করেন। বিএনপির ‘মবের’ কারণে পুলিশ তাঁকে ২০২৪ সালের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারনামীয় আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে এনসিপির নেতা–কর্মীরা থানাফটকে বিক্ষোভ করেন। তখন বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে তাঁদের কিছু সমস্যা হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।