নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃসরকারের দায়িত্ব পালনে পুলিশ ও প্রশাসনের মধ্যে যারা সহযোগিতা করবে না, তাদের চিহ্নিত করা এবং যারা সহযোগিতা করবে তাদের পুরস্কৃত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
রোববার (২২ নভেম্বর) সন্ধা ৫ টায় বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা প্রথমেই বাংলাদেশের আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে (আওয়ামী লীগের তাণ্ডব), আমাদের পরবর্তীতে করণীয় সম্পর্কে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করতে বলেছি।আমরা তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা করছি। তখন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আমাদের এই সরকার পরিচালনা নির্বিঘ্নে থাকতে দিতে চায় না এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যখন শেখ হাসিনা দেশের আইনকে অমান্য করে একটা তাণ্ডব পরিস্থিতি তৈরি করার জন্য চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সেই হুজুগে বাংলাদেশ থেকে যারা পালিয়ে যায়নি, এখন সন্ত্রাসীদের এক ধরনের তাণ্ডব আমরা লক্ষ্য করেছি। এই তাণ্ডব বেশিরভাগই গোপালগঞ্জ, তাও আবার টুঙ্গিপাড়ার মধ্যে সীমাবদ্ধ। তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সামাজিকভাবে এখনো পর্যন্ত টুঙ্গিপাড়ার বাইরে তেমন কোনো ভিত্তি কিন্তু রাখে না।কিন্তু একই সঙ্গে আমাদের বুঝতে হবে, এই নিষিদ্ধ দল এবং এর নেতারা যেভাবে নানান চক্রান্তে লিপ্ত হয়েছেন, তাতে দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।আমাদের দলকে যেহেতু জনগণ ব্যালটের মাধ্যমে ম্যান্ডেটের মাধ্যমে সরকারের দায়িত্ব দিয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, তাই আমাদের দায়িত্ব হলো দেশের জনগণকে শান্তি-শৃঙ্খলার মধ্যে রাখা। আমাদের দায়িত্ব হলো দেশে যারা আইনশৃঙ্খলা মানে না, তাদের আইনশৃঙ্খলার আওতায় নিয়ে আসা। আমাদের দায়িত্ব হলো যারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে, তাদের দমন করে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা। আমাদের দায়িত্ব হলো দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনের মধ্যে যারা দায়িত্ব পালনে সহযোগিতা করবে না, তাদেরকে চিহ্নিত করা। আমাদের দায়িত্ব হলো যারা এই কাজে আমাদের সহযোগিতা করবে, তাদেরকে পুরস্কৃত করা। যে কোনো সরকার সরকারের স্বাভাবিক দায়িত্ব যেভাবে করে, আমরা সেভাবেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি।কিন্তু আমরা দায়িত্ব পালন করতে গিয়ে যেটা টের পাচ্ছি, এই দায়িত্ব পালন আমরা আরও ভালোভাবে করতে পারব, যদি আমাদের মধ্যে অনুপ্রবেশকারীদের সঠিকভাবে চিহ্নিত করতে পারি।আমাদের সজাগ থাকতে হবে, পথ চলতে গিয়ে আমাদের নিজেদের পায়ের সঙ্গে যেন পা আটকে না যায়। আমাদের সামনে পথে চলতে নিজের দলকে আরও সুসংগঠিত করতে হবে।আগামী ডিসেম্বর মাসকে দলের পক্ষ থেকে সাংগঠনিক মাস ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরের ১ তারিখ থেকে পুরো মাসজুড়ে কর্মসূচি চলতে থাকবে। ২০ ডিসেম্বর আমাদের মাতা বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের যে পরিকল্পনা রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরব এই ডিসেম্বর কর্মসূচির মাধ্যমে। আর এই কাজ করার জন্যই দলের অভ্যন্তরীণ সাংগঠনিক আলোচনা দরকার, তা করব। এত বড় দল হওয়ার কারণে দলের ভেতরে নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। এই প্রতিযোগিতাকে আমরা সাধুবাদ জানাই।”সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ, সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।বিশেষ বর্ধিত সভায় গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
