ঢাকা মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ ফিলিং স্টেশনের সুপারভাইজার

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে ফ্লিং স্টেশনের টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আশোকাঠী ফিলিং স্টেশনের সুপারভাইজার মো. মহিউদ্দিন

তালুকদার (২৮)। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে ৪ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা নিয়ে মোটরসাইকেলে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, সোমবার বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের ৪ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা গৌরনদী উপজেলা পরিষদ সংলগ্ন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন তালুকদার। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে আশোকাঠী এলাকার মোহন লাল সাহার বাড়িসংলগ্ন রাস্তার পাশ থেকে মহিউদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার রাত সাড়ে ১২টা পর্যন্ত তাঁর অবস্থান নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, মহিউদ্দিন তালুকদার অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের ব্যক্তি। তিনি আশোকাঠী ফিলিং স্টেশনে দায়িত্বশীল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এমনb আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় সহকর্মী ও স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এ ঘটনায় সোমবার রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ মহিউদ্দিন তালুকদারকে উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।