ঢাকা সোমবার , ৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এক সার ডিলারের টিনশেড ঘর ভেঙে ৬১১ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। পরে মাইকিং করে নিয়ে যাওয়া সার ফেরত দিতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ লোকজন ডিলারের টিনশেড ঘরটি ভাঙচুর করেন। পরে সেখান থেকে সার নিয়ে যান তারা।

পরে হিসাব করে দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে। বাকি ৬১১ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাটমোহরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে মাইকিং করে নিয়ে যাওয়া সার ফেরত দিতে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ বিশ্লেষণ টুল

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।