ঢাকা মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে পারলে বিশ্ব অগ্রগতিতেও ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের (জনসংখ্যাগত লভ্যাংশ) পূর্ণ সুবিধা কাজে লাগানো গেলে দেশের পাশাপাশি বৈশ্বিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ কার্যালয়ের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠকসহ বাংলাদেশের জনসংখ্যাগত সম্ভাবনা কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যকর নীতি প্রণয়ন এবং সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, জনসংখ্যা এমন একটি গুরুত্বপূর্ণ খাত, যার প্রভাব দীর্ঘ সময় পর দৃশ্যমান হয়। তাই বর্তমান পরিস্থিতি দূরদর্শিতার সঙ্গে বিশ্লেষণ এবং জনসংখ্যাগত পরিবর্তনের গতিপ্রকৃতি অনুধাবন করার সক্ষমতা ভবিষ্যতের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান বৈশ্বিক জনসংখ্যা বিষয়ক আলোচনাকে সমৃদ্ধ করতে পারে। একই সঙ্গে বিশ্বব্যাপী উদ্ভূত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায়ও বাংলাদেশের অভিজ্ঞতা কার্যকর অবদান রাখতে সক্ষম।

বৈঠকে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরে রাজনৈতিক উপদেষ্টা বলেন, এ সংকট মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা, অগ্রগতি ও অর্জিত শিক্ষা ভবিষ্যতের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনএফপিএর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও তুলে ধরবেন।

এ ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতে জাতিসংঘ জনসংখ্যা তহবিল আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন জহির উদ্দিন স্বপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।