ঢাকা সোমবার , ৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি কিংবা গরিবের ওপর জুলুম করতে এমপি হইনি: এমপি হানজালা

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃ“আমরা মানুষের ঘরে গিয়ে চাঁদা নেওয়ার জন্য এমপি হইনি, গরিবের ওপর জুলুম করার জন্যও এমপি হইনি। আমরা এমপি হয়েছি দ্বীনের জন্য, ইসলামের মর্যাদা রক্ষা এবং নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার জন্য।”

এমন মন্তব্য করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমেদ হানজালা।

মাদারীপুরের কালকিনিতে আল-ইরশাদ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ৮ নভেম্বর ২০২৬, রোববার রাত ১০টার দিকে তিনি মাহফিলে বক্তব্য দেন।

মাহফিলটি কালকিনি পৌরসভার মাদরাসা ময়দানে, সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ হযরত মাওলানা আবদুল বারী। তিনি বনগ্রাম খাদিমুল ইসলাম সুন্নাতিয়া মাদরাসার মুহতামিম।

বক্তব্যে সংসদ সদস্য হওয়ার উদ্দেশ্য তুলে ধরে হানজালা বলেন, “আমাদের এমপি পদ আজ আছে, কাল থাকবে না। পাঁচ বছর থাকবে, পরে পাঁচ বছর থাকবে না। আমরা তো এমপি হয়েছি ইসলামকে বিসর্জন দেওয়ার জন্য নয়, কোরআনের মাঠ থেকে চলে যাওয়ার জন্য নয়। দুনিয়ার কোনো সফলতা কিংবা ইজ্জত কামানোর জন্যও আমরা এমপি হইনি। ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়ের স্টিমরোলার চালানোর জন্যও আমরা সংসদ সদস্য হইনি।”

তিনি আরও বলেন, “মানুষ প্রশ্ন করতে পারে, তাহলে আপনারা সংসদ সদস্য হয়েছেন কেন? আমি চিৎকার করে, গর্ব করে বলতে চাই, সংসদ সদস্য হওয়ার একটাই উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। বলেছিলাম, হে আল্লাহ! তুমি আমাকে এমন জায়গায় যাওয়ার তাওফিক দাও, যেখান থেকে ইসলামের ইজ্জত হেফাজত করতে পারব, কোরআনের মর্যাদা রক্ষা করতে পারব, গরিবের কণ্ঠস্বর হয়ে কথা বলতে পারব। ইসলামের বিপক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পারব।”

সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আল্লাহ যেদিন আমাকে পার্লামেন্টে কথা বলার সুযোগ দিয়েছেন, সেদিনই সংসদে দাঁড়িয়ে আমি খতমে নবুয়তের পক্ষে কথা বলেছি।”

শুধু নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন নয়, জাতীয় পর্যায়ে মানুষের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলার প্রত্যয় ব্যক্ত করে হানজালা বলেন, “আমার চাওয়া, আমার আওয়াজ শুধু শিবচরের জন্য নয়। আমরা এমপি হয়েছি শুধু শিবচরের জন্য রাস্তা চাইব, হাসপাতাল চাইব এ জন্য নয়; আমরা এমপি হয়েছি গোটা বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য।”

বক্তব্যের শেষ পর্যায়ে নিজের অর্জন সম্পর্কে তিনি বলেন, “কিছু কামিয়েছি আর না কামিয়েছি, অন্তত মানুষের ভালোবাসা কামিয়েছি।”

তাঁর বক্তব্যে ইসলামের মর্যাদা রক্ষা, অন্যায়ের প্রতিবাদ, দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ভূমিকা রাখার প্রত্যয় উঠে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।