ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ৭, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর প্রতিনিধিঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা দিতে বরিশালের উজিরপুরে ৩ হাজার ৪০০ নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উজিরপুর পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এ চাল বিতরণ করা হবে। প্রত্যেক কার্ডধারী জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

উজিরপুর উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে এবার ৩ হাজার ৪০০ জন জেলের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। উজিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানসহ সংশ্লিষ্টরা।

আগামী ৮ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘবে এ সহায়তা দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।