গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে তাসবিহ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোঃ আরাফাত আকন বাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ আসাদ সিকারী নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আশোকাঠি ব্রিজের ঢালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত আকন বাবু গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মোঃ হানিফ আকন মাস্টারের ছেলে। আহত আসাদ শিকারীও একই ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম এসকেন্দার শিকারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাসবিহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই আরাফাত আকন বাবুর মৃত্যু হয়।
আহত আসাদ শিকারীকে উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাসবিহ পরিবহনের বাসটি আটক করে গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন ও তার সহযোগীদের কাছে হস্তান্তর করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
