ঢাকা রবিবার , ৯ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের নদী-প্রকৃতিতে আমি মুগ্ধ – মার্কিন রাষ্ট্রদূত

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ৯, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশালে প্রথমবার ভ্রমণে এসে অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, বরিশাল খুব সুন্দর জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ।

রবিবার দুপুরে বরিশাল প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নগরীর কীর্তনখোলা নদীতে এম ভি এম খান-৭ লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শহরটি খুবই সুন্দর। এটা বরিশালে আমার প্রথম সফর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। ঢাকা থেকে এসে আমি ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার ভ্রমণ করেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের এককভাবে সবচেয়ে বড় ও প্রধান ক্রেতা দেশ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় আমরা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত ভবিষ্যতেও আবার বরিশালে আসবেন।

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।