ঢাকা মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সাংবাদিকের ওপর মাদক কারবারির হামলা এজাহারভুক্ত সকল আসামির গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম,গৌরনদীপ্রত্বিনিধিঃবরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি সাংবাদিক এস. এম. জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গৌরনদীতে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে প্রশাসনকে দ্রুত এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়। এতে গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, খোকন আহাম্মেদ হীরা, মনীষ চন্দ্র বিশ্বাস, এম. আলম, বদরুজ্জামান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমীনা আক্তার সোমা, মো. খায়রুল ইসলাম, বিএম বেলাল, সাংবাদিক লিটন খান, মোল্লা ফারুক হাসান, শেখ রূপাসহ অনেকেই অংশ গ্রহন করেন।
সাংবাদিক নেতারা বলেন , একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর হামলার শামিল। তারা অবিলম্বে মামলার এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত রোববার (২ আগস্ট) উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক এস. এম. জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও এখনো এজাহারভুক্ত একাধিক আসামি পলাতক রয়েছে।
সাংবাদিকরা জানান, হামলার ঘটনার পর তারা টানা পাঁচ দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন ।কর্মসূচির অংশ হিসেবে গতকাল মানববন্ধন এবং আজ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, প্রশাসন অবিলম্বে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজ আরও কঠোরতম কর্মসূচি ঘোষণা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।