গৌরনদী প্রতিনিধিঃভাগ্নের গ্যারেজের মেকানিকের ওপর হামলার প্রতিবাদ করায় বরিশালের গৌরনদীতে কতিপয় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীসহ তাদের ১০-১২ জন সহযোগীর হামলার শিকার হয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এস.এম জুলফিকার।
খবর পেয়ে স্বজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেছেন।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা হলো-এলাকার চিহ্নিত মাদক সেবী ও মাদক ব্যবসায়ী বিএনপি কর্মী মাসুম হাওলাদার, তার ছেলে ইয়াসিন হাওলাদার, তার ভাই পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার ও সবুজ হাওলাদার ও বখাটে মাদক ব্যবসায়ী রিয়াজ উকিল।
হামলায় আহত সাংবাদিক এসএম জুলফিকার অভিযোগ করে বলেন, আমার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী পুরাতন নাহার সিনেমা হল মোড়ের একটি চায়ের দোকানে বসে পায়ের পা তুলে চা পান করছিলেন। এ সময় পায়ের ওপর তোলার অপরাধে তাকে (রিপন কাজী) কুপিয়ে জখম করে হামলাকারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি এর প্রতিবাদ করায় তারা সঙ্ঘবদ্ধভাবে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার বলেন, হামলায় আমার কোন সম্পৃক্ততা নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। তবে অন্য হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সাংবাদিক নেতা জুলফিকারের ওপর হামলার ঘটনা সাংবাদিক মহলে ছড়িয়ে পরলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
