ঢাকা শনিবার , ১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খাল পুনঃখননে ঘুরে দাঁড়াচ্ছে গৌরনদীর কৃষি

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ১, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর-সরিকল এলাকার প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের সুফল দৃশ্যমান হতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে পলি জমে ভরাট হয়ে পড়া খালটি পুনঃখননের ফলে কৃষি, সেচ, পানি নিষ্কাশন, মৎস্যসম্পদ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। বিশেষ করে কৃষকরা বলছেন, সেচব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা কমে যাওয়ায় কৃষি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত থাকায় বর্ষাকালে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট ছিল নিত্যদিনের সমস্যা। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় মাছের প্রজননও কমে যায়। পুনঃখননের পর খালে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় কৃষি ও মৎস্য—উভয় খাতেই ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা তৈয়ব আলী শেখ বলেন, “এই খাল পুনঃখনন আমাদের কৃষির জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আগে সময়মতো জমিতে চাষাবাদ করা কঠিন ছিল। এখন সহজেই সেচের পানি পাওয়া যাচ্ছে। এতে বেশি জমিতে আবাদ করা সম্ভব হবে এবং কৃষকের আয়ও বাড়বে।”
কৃষক নিতাই মালি বলেন, “আগে বছরে দুই মৌসুমে চাষাবাদ করা যেত। এখন পর্যাপ্ত পানির কারণে তিন মৌসুমেই ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে। এটি আমাদের জন্য বড় অর্জন।”
স্থানীয় কৃষক মো. কামাল ফকির বলেন, “খাল পুনঃখননের সুফল শুধু কৃষিতে সীমাবদ্ধ থাকবে না। পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসায় দেশীয় মাছের উৎপাদনও বাড়বে। এতে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
স্থানীয় বাসিন্দা অধীর কুমার বলেন, “খালে এখন আগের তুলনায় অনেক বেশি পানি রয়েছে। এতে কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশা করছি।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই পুনঃখনন করা বাটাজোর-সরিকল খালের দুই তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গাছের চারা রোপণ করেন। এ সময় খালের দুই পাড়ে রোপণ করা গাছের পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, “এই ১০ কিলোমিটার খাল পুনঃখননের মূল লক্ষ্য ছিল পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা দূর করা, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। খালের দুই তীরে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। কোথাও পাড় ভাঙন বা অন্য কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকলে গৌরনদীর কৃষি, মৎস্য, পরিবেশ এবং স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব আরও সুস্পষ্ট হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।