নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃলেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার সরিকলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (QR) ও ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সরিকল বন্দরে পূবালী ব্যাংক পিএলসি সরিকল উপ-শাখার আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণের মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে সরিকল বাজারের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সরিকল উপ-শাখার ব্যবস্থাপক মো. ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি টরকী বন্দর শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন কাজী রিয়েল স্টেটসের কর্ণধার কাজী সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি আব্দুস সাত্তার বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজ পদ্ধতিতে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার ঘটবে এবং দেশের আর্থিক লেনদেন ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সরিকল বাজারের ব্যবসায়ীদের হাতে বাংলা কিউআর কোড তুলে দেওয়া হয়।
