ঢাকা মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে মাদকসেবীর কারাদণ্ড, জব্দ ডিজিটাল আলামত

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ২১, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃ জেলার গৌরনদীতে উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে হাতেনাতে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও তার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সিসিটিভি ক্যামেরার ডিভিআর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ডিভিআর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক চক্রের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার তিখাসার, টরকী চাচাল এবং ঈগল পরিবহন কাউন্টার-সংলগ্ন গলিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে একজন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাসা ও বিক্রয়স্থলে অভিযান চালানো হয়। এ সময় এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও তার অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা ডিভিআরে সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। পরবর্তীতে এসব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।