বরিশাল: র্যাব-৮, সদর কোম্পানী, বরিশালের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশালের ১৩ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা মোঃ সাইদকে (২২) গ্রেফতার করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সাইদ বরিশাল সদরের রাজারচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ মোক্তার এবং মায়ের নাম রাহিমা বেগম। গত ২০ জুন ২০২৬ বিকালে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুসারে, ভিকটিম বন্দর থানাধীন খোন্তাখালী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত সাইদ ভিকটিমের পাশাপাশি বাড়িতে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।
গত ১০ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যাওয়ার পথে সাইদসহ অন্যান্য অভিযুক্তরা তাকে মুখ চেপে ধরে, গলায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে কোতয়ালী মডেল থানাধীন ৫নং চরমোনাই ইউনিয়নের বাজারচর এলাকায় নিয়ে যায়। সেখানে তারা ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে।
ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে বরিশাল জেলার কোতয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত সাইদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে র্যাবের পেশাদার তদন্ত ও নজরদারির কারণে তাকে সফলভাবে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
