ঢাকা মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বিশেষভাবে তৈরি পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ৭, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি: মাদক পরিবহনের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি একটি পিকআপ ভ্যানের চেসিসের গোপন প্রকোষ্ঠ থেকে প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮।
র‌্যাব-৮ জানায়, সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি নীল-সাদা রঙের পিকআপ (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬) থামানোর সংকেত দিলে চালক প্রথমে গতি কমিয়ে পরে দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার ধাওয়া করে দুমকি উপজেলার আঙ্গারিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে দেখতে পান, চালক ও তার দুই সহযোগী পিকআপটি ফেলে পালিয়ে গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, পিকআপটির চালক মো. হীরা (৩০), পিতা সিদ্দিকুর রহমান, উপজেলার আঙ্গারিয়া এলাকার বাসিন্দা।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে চেসিসের বিশেষভাবে তৈরি গোপন প্রকোষ্ঠ থেকে খাকি স্কচটেপ ও আকাশি নীল পলিথিনে মোড়ানো ৩২টি পোটলায় প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজা ও পিকআপটি জব্দ করে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।