গৌরনদী প্রতিনিধিঃঢাকা–বরিশাল মহাসড়কে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির যানবাহনের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। মহাসড়কটিতে বারবার দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী ফায়ার সার্ভিস স্টেশনের প্রায় ২০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলার সময় বরিশালগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৭৭৬০) বিপরীত দিক থেকে আসা একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।
পরে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি এলাকার বাসিন্দা সেলিম ঘরামীর ছেলে ইসমাইল (বাবু) ঘরামীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ গোপালপুর এলাকার বাসিন্দা মো. রাজিব (পিতা: ফরিদ) ও তাপস। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মহসিন জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
