ঢাকা শনিবার , ২০ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাউফলের চাঞ্চল্যকর রবিন চন্দ্র হত্যা মামলার আসামি রিপন চন্দ্র গ্রেফতার

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুন ২০, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলার বহুল আলোচিত রবিন চন্দ্র হাওলাদার হত্যা মামলার পলাতক আসামি রিপন চন্দ্র বেপারীকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-৮।
র‍্যাব জানায়, র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (২০ জুন) রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপন চন্দ্র বেপারী বাউফল উপজেলার কালাইয়া এলাকার সুবল চন্দ্র বেপারীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন সকাল সাড়ে ৭টার দিকে কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পশ্চিম পাশে রবিন চন্দ্র হাওলাদার অভিযুক্ত রতন চন্দ্র বেপারীর কাছে বাড়ির উঠানের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পাইপ কেনার টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রিপন চন্দ্র বেপারীসহ অন্যান্য অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লোহার রড, বটি, দা, লাঠিসোটা, হাতুড়ি, লোহার খুন্তি ও পাইপ দিয়ে রবিন চন্দ্রের ওপর হামলা চালায়।
এতে রবিন চন্দ্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রিপন চন্দ্র বেপারীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।