ঢাকা শনিবার , ২০ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আমরা চাই শিক্ষা-শান্তি, আমরাই শান্তির পায়রা’ খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশে বসিক প্রশাসক

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুন ২০, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘আমরা চাই শিক্ষা-শান্তি, আমরা কারা শান্তির পায়রা’ এই স্লোগানকে ধারণ করে আনন্দঘন পরিবেশে বরিশালে অনুষ্ঠিত হয়েছে জেলা খেলাঘরের ‘সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬’।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলন, ফেস্টুন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বলেন, “আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। খেলাঘরের মতো সংগঠন শিশুদের সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন,কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শ্রী জীবন কৃষ্ণ দে এবং সাধারণ সম্পাদক রেজাউল কবীর। বক্তারা খেলাঘরের দীর্ঘ ঐতিহ্য, শিশুদের সৃজনশীল বিকাশ এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলন ও শিশু সমাবেশে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক কোমলমতি শিশু, খেলাঘরের স্থানীয় সংগঠক, অভিভাবক এবং সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। শিশুদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, শোভাযাত্রা ও মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, শিশুদের মধ্যে মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে খেলাঘরের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।