নিজস্ব প্রতিনিধি:পটুয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বিকেল থেকে পটুয়াখালী সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি জাল টাকা চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখেছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে র্যাব সদস্যরা সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তরে মহাসড়কের ঢালে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেখানো পৃথক স্থান থেকে টেপ ও পলিথিনে মোড়ানো ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. আসাদুজ্জামান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জাল টাকা ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত আলামতও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
র্যাব-৮ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
