নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর আলোচিত মাছ ব্যবসায়ী জসিম সিকদার বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৮, বরিশাল এবং র্যাব-৪, মিরপুরের যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার মিরপুরের পল্লবী থানাধীন এলাকা থেকে মামলার অভিযুক্ত অপু (২৫)কে গ্রেফতার করে। তিনি বরিশাল মহানগরের কাউনিয়া থানার পলাশপুর এলাকার নজরুলের ছেলে।
র্যাব জানায়, পূর্ব বিরোধের জেরে গত ১৫ মে রাত আড়াইটার দিকে জসিম সিকদার বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে কাউনিয়া থানাধীন বিসিসি ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৭ নম্বর গুচ্ছ গ্রামের চার রাস্তার মোড়ে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পরিত্যক্ত কক্ষে আশ্রয় নিলে অভিযুক্তরা সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকে অপু আত্মগোপনে থেকে বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
