ঢাকা সোমবার , ৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোল্লারহাটের মানবপাচার চক্রের মূল হোতা আল আমিন র‌্যাবের হাতে গ্রেফতার

vorer angikar
মে ৪, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: মানবপাচার মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ আল আমিন (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গত ৩ মে ২০২৬ সন্ধ্যায় লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন রায়পুর মিনি স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর যৌথ অভিযানে এ গ্রেফতার সম্ভব হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আল আমিন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট থানায় দায়ের করা একটি মানবপাচার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আল আমিন ও তার সহযোগীরা এক ভুক্তভোগীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়া পাঠানোর কথা বলে প্রায় ৭ লাখ টাকা নেয়। গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে তাকে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর তাকে ৩০ লাখ টাকার বিনিময়ে একটি চীনা প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠে।
পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী দেশে ফিরতে চাইলে অভিযুক্তরা তার কাছে থাকা নগদ অর্থ, আইফোন ১৭ মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ করে তাকে আটকে রাখে। পরে ভুক্তভোগী অতিরিক্ত ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ইমিগ্রেশনের সহায়তায় দেশে ফিরে আসতে সক্ষম হন।
এ ঘটনায় ভুক্তভোগী মোল্লারহাট থানায় মানবপাচার মামলা দায়ের করেন।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মানবপাচারসহ সকল ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।