বাবুগঞ্জ প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন। নির্বাচনী সাফল্যের পর থেকে মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তির জল্পনা দ্রুত ছড়িয়ে পড়েছে।
স্থানীয় নেতা ও সমর্থকরা মনে করছেন, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তার কারণে জয়নুল আবেদীনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হলে তা বরিশালবাসীর আশা পূরণ করবে। মুলাদী ও বাবুগঞ্জের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো, নদীভাঙন প্রতিরোধ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকরী প্রতিনিধি চান।
বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, “অ্যাডভোকেট জয়নুল আবেদীন একজন প্রখ্যাত আইনজীবী। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মামলা পরিচালনা করেছেন। দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের কার্যক্রমে সক্রিয় থাকা এই নেতা দেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।”
তিনি আরও বলেন, “তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করেছেন। জনগণের আস্থা ও বিশ্বাসের সঙ্গে মেলাতে হলে কেন্দ্রীয় পর্যায়ে তার ভূমিকা অপরিহার্য। আমরা আশা করি, দলীয় হাইকমান্ড এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্ব এবং নির্বাচনী ফলাফলের প্রেক্ষাপটে বরিশাল থেকে একজন অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে তা রাজনৈতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। তবে দলীয় সূত্র জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নীতিনির্ধারণী মহল।
