ঢাকা রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কাদার সড়কে ধানের চারা, অভিনব প্রতিবাদ গৌরনদীতে

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃসড়কজুড়ে কাদা আর পানি। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও আবার বড় বড় গর্তে জমে আছে বৃষ্টির পানি। দেখে মনে হতে পারে, এটি কোনো সড়ক নয় যেন ধানখেত। আর সেই ‘ধানখেতেই’ ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বরিশালের গৌরনদীর স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া উপজেলার দুটি সড়কের বেহাল দশার প্রতিবাদে সম্প্রতি কাদামাটির মধ্যে ধানের চারা রোপণ করেন তারা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
সড়ক দুটি হলো গৌরনদী পৌরসভার হেলিপ্যাড সড়ক এবং বাটাজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শৌলকর গ্রামের একটি সড়ক।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের সঙ্গে সংযুক্ত প্রায় ১ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ হেলিপ্যাড সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত। অনেক জায়গায় উঠে গেছে সড়কের কার্পেটিং। টানা বৃষ্টিতে পানি জমে পুরো সড়কটির বিভিন্ন অংশ কাদায় পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশপাশের অন্তত পাঁচটি গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা-বরিশাল মহাসড়কে যাতায়াতের অন্যতম পথ এটি।
বর্ষাকালে সড়কটির দুর্ভোগ আরও বেড়ে যায়। কোথাও হাঁটুসমান কাদা, আবার কোথাও গর্তে পানি জমে থাকায় মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন নিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার প্রয়োজন হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে।
শৌলকর গ্রামের সড়কটির চিত্রও প্রায় একই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।
একপর্যায়ে ক্ষোভের প্রতীক হিসেবে সড়কের কাদার মধ্যে ধানের চারা রোপণ করেন তারা। স্থানীয়দের ভাষায়, ‘সড়ক যখন ধানখেতের মতো হয়ে গেছে, তখন ধানই লাগিয়ে দিলাম।’ তাদের দাবি, প্রতীকী এই প্রতিবাদকে গুরুত্ব দিয়ে দ্রুত সড়ক দুটি সংস্কারের উদ্যোগ নিতে হবে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, বৃষ্টি কমলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে সড়ক দুটি পরিদর্শন করানো হবে। পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।