গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক তালাশ বিডি’ এবং ‘বরিশালবাণী’-তে “বরিশালের বাংলা বাজারে আরিফ ইলেকট্রিক এর বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে ‘আরিফ ইলেকট্রিক’-এর ব্যবহৃত মালামালের গায়ে ‘নিম্নমান’ লিখে যেভাবে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে—আমি তার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত সত্য এই যে, পূর্বশত্রুতা ও পারিবারিক একটি অপ্রাসঙ্গিক বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে সাংবাদিককে ভুল তথ্য দিয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে উল্লেখ করতে চাই, আমাদের যৌথ অংশীদারত্বে পরিচালিত ‘আরিফ ইলেকট্রিক’ দীর্ঘ দিন ধরে সততা, সুনাম ও স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে বলছি—আমাদের দোকানে কখনো কোনো নিম্নমানের পণ্য বিক্রি করা হয়নি এবং এখনও করা হয় না। গ্রাহকসেবা ও পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখাই আমাদের একমাত্র অঙ্গীকার।
বাস্তবতা বিবর্জিত ও উদ্দেশ্যেপ্রণোদিতভাবে প্রকাশিত এই মনগড়া সংবাদে আমাদের ব্যবসায়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং বিভ্রান্তি ছড়িয়েছে। সংশ্লিষ্ট নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে তথ্য যাচাই-বাছাই ছাড়া এ ধরনের একপেশে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি, অন্যথায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব।
প্রতিবাদকারী
মোঃ সবুজ গাজী
অংশীদার, আরিফ ইলেকট্রিক
বাংলা বাজার, বরিশাল।
