বরিশাল অফিস: গণমাধ্যমের জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং সৎ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বরিশাল টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে আমরা জরুরি ভিত্তিতে কাজ করছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই জাতীয় পর্যায়ে কমিশনের একটি খসড়া প্রস্তুত হবে। এরপর তা সরকার ও মন্ত্রিসভার কাছে উপস্থাপন করা হবে। আমরা একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন করতে সক্ষম হব।”
তিনি আরও বলেন, “কমিশন গঠিত হলে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি হবে। একই সঙ্গে অসৎ ও অপেশাদার সাংবাদিকতার বিরুদ্ধে এটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।”
সভায় উপস্থিত ছিলেন বরিশাল টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল হোসেন, একুশে টেলিভিশনের ব্যুরো প্রধান সুখেন্দু দেব, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান শাহীন হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
