ঢাকা মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান তথ্যমন্ত্রীর

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ২৮, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম , গৌরনদী প্রতিনিধিঃপরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ ও তার যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি চারা গাছকে নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলতে হবে। আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলোর পরিচর্যা হচ্ছে কি না, তা আমি নিজেই তদারকি করব। যারা আন্তরিকভাবে গাছ পরিচর্যা করে সম্পদে পরিণত করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যদি শুধু বৃক্ষরোপণ, ছবি তোলা এবং সংবাদমাধ্যমে প্রচারেই সীমাবদ্ধ থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে বনভূমি সম্প্রসারণ, নদী ও খালপাড়ে বৃক্ষরোপণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি জোরদার করা সময়ের দাবি।
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেন, জনগণের ওপর যারা ক্ষমতার অপব্যবহার করে, তারা জনগণ, দেশ ও সরকারের শত্রু। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। জনগণের আস্থা ও সমর্থন থাকলেই ক্ষমতা টেকসই হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে সকাল ১১টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। পরে কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি চারা রোপণের পাশাপাশি তার নিয়মিত পরিচর্যা করতে হবে। একটি গাছ বড় হয়ে একসময় দেশের সম্পদে পরিণত হয়। তাই চারা লাগানোর পাশাপাশি তা সংরক্ষণ ও পরিচর্যার দায়িত্বও সবার।
আলোচনা শেষে মন্ত্রী প্রায় ৬০০ শিক্ষার্থীর মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ইব্রাহীম, বরিশাল জেলা বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কলেজের অধ্যক্ষ নির্মল হালদার।
পরে দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি মাদ্রাসা ও ৭টি কলেজের প্রধানদের হাতে পাঁচটি করে গাছের চারা তুলে দেন। একই সঙ্গে নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।