ঢাকা সোমবার , ২৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং প্রতিরোধে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ২৭, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে টাউন হল মিটিং আয়োজন করেছে র‍্যাব-৮।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক, ইমাম, অভিভাবক এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদক ও সাইবার অপরাধ তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিস্তার সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। এসব অপরাধ দমনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই হতে পারে কার্যকর সমাধান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাইবার অপরাধের ঝুঁকি, সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহারের কৌশল এবং কোনো অপরাধের শিকার হলে কীভাবে আইনি সহায়তা নিতে হবে, সে বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে র‍্যাব-৮ সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেয়।
উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক ও অভিভাবকেরা তাদের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং র‍্যাব-৮ এর এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‍্যাব-৮ এর পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন অর রশিদ এবং র‍্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।