গৌরনদীতে ইমামদের সঙ্গে উপজেলা প্রশাসনের নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা।
নিজস্ব প্রতিবেদকঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ইমাম ও খতিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ। এ ছাড়া সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউএনও মো. ইব্রাহিম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে প্রান্তিক পর্যায়ের মানুষকে সচেতন করতে ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে তিনি বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
