নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী গৌরনদীর টরকী এলাকার নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহমুদুল হক উজ্জ্বল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া এবং বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখের ছানি, নেত্রনালির সমস্যা ও অন্যান্য চক্ষু রোগে আক্রান্ত তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। এ ছাড়া ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন, বিদেশি লেন্স সংযোজন, প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করার কথা জানানো হয়।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির জানান, মানবসেবার অংশ হিসেবে ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি তিন মাস পরপর এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে। অসহায় ও দরিদ্র মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
