ঢাকা বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

১৪ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জুয়েল র‍্যাবের হাতে গ্রেফতার

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের বানারীপাড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আঃ মান্নান জুয়েলকে দীর্ঘ ১৪ বছর পর চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-৭-এর যৌথ আভিযানিক দল।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ১ সেপ্টেম্বর ২০২৬ রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আঃ মান্নান জুয়েলকে (৩৫) গ্রেফতার করা হয়। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার আঃ হক মিয়ার ছেলে।
র‍্যাব জানায়, ২০১২ সালে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার নম্বর ৬২০/১২ এবং জিআর নম্বর ৮৯/১২। পরবর্তীতে মামলাটি আদালতে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
সাজা হওয়ার পর জুয়েল দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানা বানারীপাড়া থানায় কার্যকর ছিল।
র‍্যাব আরও জানায়, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮, সদর কোম্পানি বরিশাল ও র‍্যাব-৭, সিপিএসি, চট্টগ্রামের একটি যৌথ দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর আঃ মান্নান জুয়েলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।