ঢাকা সোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পালানোর সময় আগৈলঝাড়ার হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার গ্রেফতার

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জহিরুল শিকদার (৪৬) হত্যা মামলার প্রধান আসামি ও মূলহোতা সেন্টু শিকদারকে (৪১) ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে র‌্যাব-৮।
বুধবার (৮ জুলাই) রাতে নেত্রকোনার দুর্গাপুর থানাধীন বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ সদর কোম্পানি বরিশাল, র‌্যাব-১-এর সিপিএসসি গাজীপুর, র‌্যাব-৩-এর সিপিসি-২ মগবাজার এবং র‌্যাব-১৪ সদর কোম্পানি ময়মনসিংহের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেন্টু শিকদার বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামের মৃত আনিস শিকদারের ছেলে।
র‌্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১ জুলাই জহিরুল শিকদারকে মারধর করেন সেন্টু শিকদারসহ অন্য আসামিরা। পরে বিষয়টি মীমাংসা হওয়ার পরও একই রাতে জহিরুলকে ডেকে নিয়ে পশ্চিম গোয়াইল মসজিদের দক্ষিণ পাশের পাকা সড়কে আবারও মারধর করা হয়।
একপর্যায়ে প্রধান অভিযুক্ত সেন্টু শিকদার লোহার রড দিয়ে জহিরুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর সেন্টু শিকদার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তিনি একাধিকবার অবস্থান পরিবর্তন করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় র‌্যাব।
র‌্যাব-৮ সদর কোম্পানি বরিশাল মামলাটির ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেন্টু শিকদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।