ঢাকা শনিবার , ২৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির চাঞ্চল্যকর মলিনা রায় হত্যা মামলার অন্যতম আসামি নয়ন ডাকুয়া গ্রেফতার

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ২৫, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: ঝালকাঠি সদর থানার বহুল আলোচিত ক্লুলেস মলিনা রায় হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. নয়ন ডাকুয়া (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮। শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকার কদমতলী থানাধীন পূর্ব শ্যামপুর এলাকায় র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত নয়ন ডাকুয়া ঝালকাঠি সদর উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ঝালকাঠি পৌরসভার পশ্চিম চাঁদকাঠি এলাকায় নিজ বাসায় একা ছিলেন মলিনা রায় (৪৫)। বিকেলে মেয়ের সঙ্গে তার সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। সন্ধ্যায় মেয়ে পূজা রায় বাড়িতে ফিরে ঘরের ভেতরে হাত-পা বাঁধা ও মুখ প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে মলিনা রায়কে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বামী রতন রায় বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, তদন্তে নয়ন ডাকুয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।