ঢাকা শনিবার , ১৮ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ১৮, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি: বরিশালের চিকিৎসা ও প্যাথলজি অঙ্গনের এক পরিচিত নাম, প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস (৮৭) আর নেই। হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া) জনিত জটিলতায় শুক্রবার (১৭ জুলাই) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে তাঁর তত্ত্বাবধানে বরিশালের সুপরিচিত গ্রুপ ল্যাবরেটরি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল। নির্ভুল ও মানসম্মত পরীক্ষার রিপোর্ট প্রদানে তিনি ছিলেন অত্যন্ত আপসহীন। চিকিৎসকদের কাছে তাঁর ল্যাবের রিপোর্ট ছিল আস্থার প্রতীক। জটিল ও রিপিটেড পরীক্ষার জন্যও অনেক চিকিৎসক রোগীদের তাঁর ল্যাবেই পাঠাতেন।

সহকর্মী ও চিকিৎসকরা জানান, বাণিজ্যিক লাভের চেয়ে সঠিক ও নির্ভুল রিপোর্ট প্রদানকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তাঁর দক্ষতা ও পেশাগত সততার কারণে বরিশালের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চল এমনকি ভারতের অনেক চিকিৎসকের কাছেও তাঁর রিপোর্ট সমাদৃত ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর একমাত্র ছেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী সুব্রত বিশ্বাস। ১৯৮০ সাল থেকে তিনি দেশ-বিদেশে জাদু প্রদর্শন করে সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি “বরিশাল মুক্তখবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা. বিশ্বাসের মৃত্যুতে বরিশালের চিকিৎসক সমাজ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও পেশাগত অবদান বরিশালের চিকিৎসা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।