ঢাকা রবিবার , ১২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আলতাফ হোসেন ওরফে আনোয়ার বয়াতী র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ১২, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল থানায় দায়ের হওয়া এক বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আলতাফ হোসেন ওরফে মো. আনোয়ার বয়াতী (৪৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮।
র‍্যাব জানায়, বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই ২০২৬ দুপুরে পটুয়াখালী সদর থানার সদর রোড লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলতাফ হোসেন ওরফে মো. আনোয়ার বয়াতী (৪৮) মৃত আলী হোসেন ওরফে হাকিম বয়াতীর ছেলে। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধরান্দী গ্রামে।
র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন বাকপ্রতিবন্ধী নারী। অভিযুক্ত রাজমিস্ত্রীর কাজের সুবাদে দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্নভাবে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন ভুক্তভোগী বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী মোল্লার ব্রিজ এলাকায় গেলে অভিযুক্ত কৌশলে তাকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে ঘটনাটি জানালে তার বড় বোন বাদী হয়ে বাউফল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র‍্যাব আরও জানায়, ঘটনার পর থেকেই র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত আত্মগোপনে থেকে বারবার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।