প্রেমিকাকে না পেলে অন্য কেউ তাকে পাবে না- এমন হুমকি দিয়ে চিরকুট লিখে জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ একটি বস্তু ফেলে গেছে দুর্বৃত্ত। রোববার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামে বস্তুটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানায়, নবীনপুর গ্রামের খেলার মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর কালো টেপে মোড়ানো বস্তুটি রাখা ছিল। স্থানীয় লোকজন সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। এর গায়ে একটি চিরকুট লাগানো ছিল। সেখানে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কোনো এক যুবক তার প্রেমিকাকে উদ্দেশ করে হুমকিমূলক চিরকুট লিখে জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুর গায়ে লাগিয়ে রেখে গেছে। এ ধরনের চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা এ থানায় এবারই প্রথম।ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ সম্ভাব্য কয়েকটি সূত্র ধরে তদন্ত করছে। আশা করা যাচ্ছে, শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।
