নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরিশাল জেলার মুলাদী উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। “বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প”-এর আওতায় “মুলাদী গ্রোথ সেন্টার হতে আলীগঞ্জ গ্রোথ সেন্টার সড়ক”-এর চেইনেজ ৫৬৪০ মিটার থেকে ৯৮৪০ মিটার পর্যন্ত উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
প্রায় ১০ কোটি ১০ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়নকারী ঠিকাদার মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স।
এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান বলেন,
“গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। মুলাদী গ্রোথ সেন্টার হতে আলীগঞ্জ গ্রোথ সেন্টার সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে। একই সঙ্গে কৃষিপণ্য, মৎস্য ও অন্যান্য স্থানীয় উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধান প্রকৌশলীর সার্বিক দিকনির্দেশনায় এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী, কারিগরি কর্মকর্তা এবং কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় প্রকল্পটি নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও জনগণের দোরগোড়ায় টেকসই অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলজিইডি সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, আগে বর্ষা মৌসুমে এ সড়কে চলাচল অত্যন্ত কষ্টকর ছিল। বর্তমানে উন্নত সড়কের কারণে সময়, শ্রম ও পরিবহন ব্যয় কমেছে এবং ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি এসেছে। এলাকাবাসী এ উন্নয়ন কাজের জন্য সরকার ও এলজিইডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
