মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নন্দপুরা গ্রামে চলাচলের অনুপযোগী প্রায় তিন কিলোমিটার জনগুরুত্বপূর্ণ সড়ক ইট ও বালু দিয়ে সংস্কার করে চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় যুবদল নেতা সাদ্দাম হোসেনের উদ্যোগে চলমান সড়ক মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
পরিদর্শনকালে তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মেরামতের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর শাখা বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, পৌর শাখা যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার, পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, যুবনেতা সৈয়দ খাইরুল বাশারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। মেরামত কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।
